নতুন পে-স্কেল ব্যয়বহুল সিদ্ধান্ত নয়, ক্রয়ক্ষমতা রক্ষার উদ্যোগ

নতুন জাতীয় পে-স্কেল বাস্তবায়ন কোনো ব্যয়বহুল সিদ্ধান্ত নয়, এটি মূল্যস্ফীতির বাস্তবতায় সরকারি কর্মচারীদের ক্রয়ক্ষমতা রক্ষার একটি প্রয়োজনীয় উদ্যোগ বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর।

বুধবার রাজধানীতে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

অর্থ উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, নতুন জাতীয় পে-স্কেল বাস্তবায়ন কোনো ব্যয়বহুল সিদ্ধান্ত নয়, এটি মূল্যস্ফীতির বাস্তবতায় সরকারি কর্মচারীদের ক্রয়ক্ষমতা রক্ষার একটি প্রয়োজনীয় উদ্যোগ। কারণ ২০১৫ সালের পর থেকে জীবনযাত্রার ব্যয় দ্বিগুণেরও বেশি বেড়েছে।

তিনি বলেন, এই অতিরিক্ত ব্যয়ের অর্থায়নের জন্য সরকার মধ্যমেয়াদি বাজেট কাঠামো (এমটিবিএফ) অনুযায়ী রাজস্ব আহরণ বাড়ানোর কৌশল নিয়েছে। ইতোমধ্যে চট্টগ্রাম কাস্টম হাউসসহ রাজস্ব প্রশাসনের বিভিন্ন ইউনিটে রেকর্ড পরিমাণ রাজস্ব আদায়ের ইতিবাচক প্রবণতা দেখা যাচ্ছে।

প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, করের আওতা সম্প্রসারণ, কর ফাঁকি রোধ, ডিজিটাল রাজস্ব ব্যবস্থাপনা ও ঝুঁকিভিত্তিক অডিটের মাধ্যমে প্রয়োজনীয় অর্থের সংস্থান করা সম্ভব। রাজস্ব সংস্কার ও পে-স্কেল বাস্তবায়ন একসঙ্গে এগোলে অর্থনীতির ভেতরের চাহিদা ও সামগ্রিক স্থিতিশীলতা আরও শক্তিশালী হবে।

সেমিনারে জাতীয় অধ্যাপক ড. মাহবুব উল্লাহ, সিপিডির নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন এবং এফবিসিসিআইয়ের প্রশাসক মো. ফজলুল হকসহ অর্থনীতিবিদ, ব্যবসায়ী ও নীতিনির্ধারকরা অংশ নেন।