প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভায় নতুন করে যুক্ত হয়েছেন পাঁচজন। বঙ্গভবনে আয়োজিত শপথ অনুষ্ঠানে তাদের শপথ পড়ানো হয়। শপথ অনুষ্ঠান পরিচালনা করেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি।
পূর্ণ মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন প্রতিমন্ত্রী রাশিদুজ্জামান মিল্লাত, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আব্দুল মঈন খান, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য আন্দালিব রহমান পার্থ এবং বান্দরবান আসনের সংসদ সদস্য সাচিং প্রু জেরী।
অন্যদিকে প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ূন কবির এবং গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকন।
এর আগে শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনের ঐতিহ্যবাহী দরবার হলে রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের শপথ অনুষ্ঠিত হয়। ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল তাকে শপথবাক্য পাঠ করান। পরে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম তার কাছে রাষ্ট্রপতির দায়িত্ব হস্তান্তর করেন।
এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান, বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান, মন্ত্রিসভার সদস্য, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন।
রাষ্ট্রপতির শপথ ও নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের শপথ অনুষ্ঠানে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনার এবং কূটনৈতিক মিশনের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। এছাড়া প্রধান বিচারপতি, সামরিক ও বেসামরিক প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন পর্যায়ের বিশিষ্ট ব্যক্তিরা অনুষ্ঠানে অংশ নেন।
















