এবার আসছে নতুন একটি সাধারণ বীমা প্রতিষ্ঠান। অনুমোদন পাচ্ছে কৃষিবিদ ইনস্যুরেন্স লিমিটেড নামে। কোম্পানিটির চেয়ারম্যান হলেন ড. মো. আলী আফজাল।
আইডিআরএর তথ্য অনুযায়ী, কোম্পানির অনুমোদনের লক্ষ্যে আরজেএসসির নিবন্ধনপ্রক্রিয়ার জন্য ২০২৩ সালের ১৭ আগস্ট আইডিআরএ অনাপত্তি দিয়েছে। প্রায় দুই বছর পর চলতি বছরের ১৪ আগস্ট অনাপত্তিপত্র সঠিক কি না, তা নিশ্চিত করতে চেয়ে চিঠি দিয়েছে আরজেএসসি।
এ বিষয়ে আইডিআরএ উপপরিচালক মো. সোলায়মান বলেন,
“নতুন একটি বীমা কোম্পানি নিয়ে অনাপত্তি দেওয়া হয়েছে”।
তবে আইডিআরএ থেকে কোম্পানির বীমা ব্যবসার জন্য নিবন্ধন সনদপ্রাপ্তির ক্ষেত্রে এটা কোনো নিশ্চয়তা দিচ্ছে না। কোনো কারণে যদি চূড়ান্ত অনুমোদন না দেওয়া হয়, তবে আইডিআরএ দায়ী থাকবে না।
দেশের অর্থনীতির তুলনায় বীমা কোম্পানি বেশি হওয়ায় কোম্পানিগুলো অনৈতিক প্রতিযোগিতায় নেমেছে। এরমধ্যে নতুন কোন কোম্পানির প্রয়োজন নেই বলে মনে করছেন খাত সংশ্লিষ্টরা। নতুন করে কোম্পানিটি অনুমোদন দেওয়া হলে বিমা কোম্পানির সংখ্যা দাঁড়াবে ৮৩টিতে।
এ বিষয়ে জেনিথ লাইফের সিইও এবং বাংলাদেশ ইনস্যুরেন্স অ্যাসোসিয়েশনের (বিআইএ) পরিচালক এস এম নুরুজ্জামান বলেন, এমনিতেই বীমা খাতে অস্থিরতা চলছে। ভারতের তুলনায় বাংলাদেশে বিমা কোম্পানির সংখ্যা বেশি। দেশের অর্থনীতির বর্তমান অবস্থায় নতুন করে বীমা কোম্পানির দরকার নেই। নতুন কোম্পানির অনুমোদন দেওয়া হলে এ খাতে অনৈতিক প্রতিযোগিতা বাড়বে।
আইডিআরএর তথ্যমতে, দেশে ৮২টি বীমা কোম্পানি রয়েছে। সাধারণ বীমা কোম্পানি ৪৬টি আর জীবন বীমা কোম্পানির সংখ্যা ৩৬টি। নতুন এই কোম্পানির অনুমোদন দেওয়া হলে সাধারণ বীমার সংখ্যা ৪৭-এ পৌঁছাবে।
রাজধানীর মিরপুরের কাজীপাড়ায় কৃষিবিদ ইনস্যুরেন্সের প্রধান কার্যালয়।
এ প্রসঙ্গে আইডিআরএর পরামর্শক (মিডিয়া এবং যোগাযোগ) সাইফুন্নাহার সুমি বলেন, কোম্পানির নামের বিষয়ে অনাপত্তি দেওয়া হয়েছে। চূড়ান্ত অনুমোদনের জন্য আবেদন করা যাবে। তবে অনাপত্তি চূড়ান্ত অনুমোদনের নিশ্চয়তা নয় বলেও জানান তিনি।
















