খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে বাংলাদেশ কমার্স ব্যাংকে দোয়া মাহফিল

প্রেস বিজ্ঞপ্তি: বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এক অনন্য ব্যক্তিত্ব ও অবিস্মরণীয় নাম দেশনেত্রী বেগম খালেদা জিয়া। তিনি দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং মুসলিম বিশ্বের দ্বিতীয় নির্বাচিত নারী সরকার প্রধান ছিলেন। একনায়কতন্ত্র, স্বৈরাচার ও ফ্যাসিবাদের বিরুদ্ধে এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনের প্রশ্নে তিনি ‘আপসহীন’ নেত্রীর উপাধি পান।  ১৫ আগস্ট দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী সারা দেশে পালিত হয়।

শনিবার (১৫ আগষ্ট) সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন প্রয়াত বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেডের প্রধান কার্যালয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

 অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোঃ আতাউর রহমান। সভাপতিত্ব করেন ব্যবস্থাপনা পরিচালক মোঃ ওবায়দুল হক।

এ সময় আরো উপস্থিত ছিলেন, উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জিয়াউল করিম ও মোঃ জহিরুল আলম। অনুষ্ঠানে প্রধান কার্যালয়ের সকল বিভাগীয় প্রধান এবং অন্যান্য কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি বক্তব্যে মোঃ আতাউর রহমান বলেন, মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের গড়া মা, মাটি ও মানুষের রাজনৈতিক দল হিসেবে খ্যাত বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি তাঁরই সহধর্মিনী বেগম খালেদা জিয়ার হাত ধরে সুদৃঢ় সাংগঠনিক কাঠামো ও জনপ্রিয়তার শেকড়ে পৌঁছে। ইতিহাসের বাঁকে বাঁকে নানা রাষ্ট্রীয় নিপীড়ন ও সংকটের মুখে বেগম খালেদা জিয়ার দৃঢ় নেতৃত্বে ফিনিক্স পাখির মতো ফের ঘুরে দাঁড়িয়ে দলটিতার গ্রহণযোগ্যতা, জনপ্রিয়তা ও বাংলাদেশের রাজনীতিতে প্রাসঙ্গিকতা বার বার প্রমাণিত হয়েছে।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ওবায়দুল হক বলেন, গণতান্ত্রিক আন্দোলন ও সংগ্রাম, আধুনিক বাংলাদেশ বিনির্মাণে বেগম খালেদা জিয়া ইতিহাসের এক অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া শুধু একজন ব্যক্তি নন, নিজ কর্মগুণে নিজেকে একটি প্রতিষ্ঠানে পরিণত করেছেন। হয়ে উঠেছেন এক জীবন্ত ইতিহাস।

আলোচনা শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মবার্ষিকীতে মহান আল্লাহর দরবারে তাঁর বিদেহী আত্মার মাগফিরাত ও জান্নাতুল ফেরদৌস কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।