পুঁজিবাজারে গুজব বা অননুমোদিত তথ্যের ভিত্তিতে বিনিয়োগ না করার আহ্বান জানিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। একই সঙ্গে স্টক ব্রোকার, স্টক ডিলার ও অনুমোদিত প্রতিনিধিদের বিদ্যমান আচরণবিধি কঠোরভাবে অনুসরণের নির্দেশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৪ আগস্ট) ডিএসইর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (স্টক ডিলার, স্টক ব্রোকার অ্যান্ড অথরাইজড রিপ্রেজেন্টেটিভ) রুলস, ২০০০-এর দ্বিতীয় তফসিলে বর্ণিত আচরণবিধি সব মধ্যস্থতাকারী প্রতিষ্ঠানকে কঠোরভাবে মেনে চলতে হবে।
ডিএসই আরও জানায়, তাদের নাম ব্যবহার করে কেউ গুজব বা বিভ্রান্তিকর তথ্য ছড়ালে কপিরাইট আইন, ২০০০ এবং সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অর্ডিন্যান্স, ১৯৬৯-এর ১৭ ধারা অনুযায়ী সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এছাড়া ডিএসই স্পষ্ট করেছে, তারা ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ভাইবার, লিংকডইনসহ কোনো সামাজিক যোগাযোগমাধ্যমে বাজারসংক্রান্ত তথ্য প্রকাশ করে না। তাই এসব অননুমোদিত উৎসের তথ্যের ওপর নির্ভর না করার জন্য বিনিয়োগকারীদের পরামর্শ দেওয়া হয়েছে।
অন্যদিকে বিএসইসি বলেছে, বিনিয়োগের আগে বাজার সম্পর্কে যথাযথ জ্ঞান ও তথ্যের ভিত্তিতে সিদ্ধান্ত নিতে হবে। গুজবের ওপর নির্ভর করে বিনিয়োগ করলে আর্থিক ক্ষতির ঝুঁকি থাকে। একই সঙ্গে গুজব ছড়ানো আইনত দণ্ডনীয় অপরাধ বলেও সতর্ক করেছে সংস্থাটি।
















