বোন-ভগ্নিপতির ঝগড়া থামাতে গিয়ে প্রাণ গেল যুবকের

নারায়ণগঞ্জের ফতুল্লায় বোন ও ভগ্নিপতির ঝগড়া থামাতে গিয়ে বিকাশ দাস (৪৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রবিবার (১২ অক্টোবর) দুপুরে ফতুল্লার রামারবাগ এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত বিকাশ দাস সুনামগঞ্জ জেলার শাল্লা থানার বড়গাঁও গ্রামের বারীন্দ্র দাসের ছেলে। তিনি পরিবারসহ রামারবাগের সোলেয়মান মিয়ার বাড়িতে ভাড়া থাকতেন। একই বাড়িতে বিকাশের মামাতো বোন শিল্পী ও তার স্বামী-সন্তান নিয়ে বসবাস করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার সকালে শিল্পী ও তার স্বামীর মধ্যে পারিবারিক কলহ থেকে ঝগড়া শুরু হয়, যা একপর্যায়ে হাতাহাতিতে রূপ নেয়। ঝগড়ার আওয়াজ শুনে বিকাশ বিষয়টি মীমাংসার চেষ্টা করেন। এ সময় ধাক্কাধাক্কির একপর্যায়ে বিকাশ একটি জানালার সঙ্গে মাথা ঠুকে ফেলেন এবং ঘটনাস্থলেই মাটিতে পড়ে যান। পরে স্বজনরা তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার পরপরই পুলিশ নিহতের মামাতো বোন শিল্পীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।

ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) রেহানুল ইসলাম বলেন, দুপুরে বিকাশ তার মামাতো বোন ও বোনের স্বামীর ঝগড়া থামাতে গিয়ে জানালার সঙ্গে ধাক্কা খেয়ে পড়ে যান। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।