বেসরকারি ব্যাংকের পরিচালনা পর্ষদে মন্ত্রী, সংসদ সদস্য (এমপি) ও স্থানীয় সরকারের প্রতিনিধিদের থাকা নিষিদ্ধ করার উদ্যোগ নিয়েছে সরকার। একই সঙ্গে এক পরিবার থেকে পরিচালকের সংখ্যা তিনজনের পরিবর্তে দুজন করা, স্বতন্ত্র পরিচালকের সংখ্যা বাড়ানো এবং পরিচালকদের একটানা দায়িত্ব পালনের সর্বোচ্চ মেয়াদ ১২ বছর থেকে কমিয়ে ছয় বছর করার প্রস্তাব করা হয়েছে। ব্যাংক খাতে সুশাসন প্রতিষ্ঠা ও আমানতকারীদের স্বার্থ সুরক্ষায় এসব পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে।
এ লক্ষ্যে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ ‘ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১’ সংশোধনের খসড়া চূড়ান্ত করেছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, চলতি সপ্তাহে খসড়াটি মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হবে। পরে মন্ত্রিসভার অনুমোদনের জন্য তা উপস্থাপন করা হবে।
খসড়ায় বলা হয়েছে, মন্ত্রী, মন্ত্রীর পদমর্যাদাসম্পন্ন ব্যক্তি, সংসদ সদস্য এবং স্থানীয় সরকারের প্রতিনিধিরা কোনো ব্যাংকের পরিচালক হতে পারবেন না। একইভাবে রাজনৈতিক পদে থাকা ব্যক্তিদের ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) বা প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবেও নিয়োগ দেওয়া যাবে না।
বর্তমানে একটি ব্যাংকের পরিচালনা পর্ষদে একই পরিবারের সর্বোচ্চ তিনজন সদস্য থাকার সুযোগ রয়েছে। নতুন প্রস্তাবে তা কমিয়ে দুজন করার কথা বলা হয়েছে। একই পরিবারের স্বার্থসংশ্লিষ্ট বা নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠান থেকে প্রতিনিধি পরিচালক নিয়োগের সংখ্যাও দুজন থেকে কমিয়ে একজন করার প্রস্তাব রয়েছে।
এর আগে বিভিন্ন শিল্পগোষ্ঠীর বিরুদ্ধে ব্যাংকের ওপর পারিবারিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা এবং অনিয়ম-দুর্নীতির অভিযোগ উঠেছে। ব্যাংক পরিচালনায় এ ধরনের প্রভাব ও নিয়ন্ত্রণ কমাতেই আইনে নতুন বিধান যুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
প্রস্তাব অনুযায়ী, ব্যাংকের পরিচালকদের একটানা দায়িত্ব পালনের সর্বোচ্চ মেয়াদ ১২ বছর থেকে কমিয়ে ছয় বছর করা হবে। ছয় বছর দায়িত্ব পালনের পর পরবর্তী তিন বছর সংশ্লিষ্ট ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না তারা।
উল্লেখ্য, পরিচালকদের একটানা দায়িত্ব পালনের মেয়াদ আগে ছয় বছর ছিল। ২০১৮ সালে তা বাড়িয়ে নয় বছর এবং ২০২৩ সালে ১২ বছর করা হয়।
বর্তমানে সর্বোচ্চ ২০ সদস্যের পরিচালনা পর্ষদে দুই থেকে তিনজন স্বতন্ত্র পরিচালক রাখার বিধান রয়েছে। নতুন খসড়ায় এ সংখ্যা বাড়িয়ে তিন থেকে চারজন করার প্রস্তাব করা হয়েছে। এ ছাড়া ২০ জনের কম সদস্যের পরিচালনা পর্ষদে স্বতন্ত্র পরিচালকের সংখ্যা দুজন থেকে বাড়িয়ে তিনজন করার কথা বলা হয়েছে।
স্বতন্ত্র পরিচালক নিয়োগের ক্ষেত্রেও পরিবর্তনের প্রস্তাব রয়েছে। ব্যবস্থাপনা কর্তৃপক্ষ ও শেয়ারহোল্ডারদের প্রভাবমুক্ত রেখে স্বতন্ত্র পরিচালক নিয়োগের পাশাপাশি ব্যাংকের সঙ্গে অতীত, বর্তমান কিংবা ভবিষ্যতে স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তিদের এ পদে নিয়োগ না দেওয়ার বিধান যুক্ত করার কথা বলা হয়েছে।
ব্যাংকের শেয়ার কেনার ক্ষেত্রেও নতুন বিধান আনার প্রস্তাব করা হয়েছে। বর্তমানে কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা একই পরিবারের সদস্যরা একটি ব্যাংকের ১০ শতাংশের বেশি শেয়ার কিনতে পারেন না। নতুন খসড়ায় কৌশলগত বিনিয়োগকারীদের ক্ষেত্রে এ সীমা শিথিল করার ক্ষমতা বাংলাদেশ ব্যাংকের হাতে দেওয়ার প্রস্তাব রয়েছে। তবে এ ধরনের বিনিয়োগকারীদের যোগ্যতা ও বিনিয়োগের শর্ত নির্ধারণ করবে কেন্দ্রীয় ব্যাংক। সাধারণ বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ শেয়ার ধারণের সীমা অপরিবর্তিত রাখার কথা বলা হয়েছে।
এ ছাড়া পরিচালকের পদ ছেড়ে দিলেও দায়িত্ব পালনকালে ব্যাংক থেকে নেওয়া ঋণের সম্পূর্ণ বকেয়া পরিশোধ করতে হবে। ঋণ পুনঃতফসিল বা অন্য কোনো উপায়ে নিয়মিত করার সুযোগ রাখা হচ্ছে না।
পরিচালকদের পর্ষদ সভায় উপস্থিতির বিষয়েও কড়াকড়ি আরোপের প্রস্তাব রয়েছে। কোনো পরিচালক একটানা তিন মাসের বেশি পর্ষদ সভায় অনুপস্থিত থাকতে পারবেন না। এর বেশি সময় অনুপস্থিত থাকার অনুমতি বছরে সর্বোচ্চ একবার নেওয়া যাবে।
















