লাইফ বীমা কোম্পানির মুখ্য নির্বাহীদের হালনাগাদ তথ্য ও শিক্ষাগত যোগ্যতার সনদ চেয়েছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)।
আজ মঙ্গলবার (১৮ আগস্ট) আইডিআরএ’র পরিচালক (লাইফ) ও উপসচিব দেবপ্রসাদ পাল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশ দেয়া হয়।
আইডিআরএ’র এ নির্দেশ দেশের সব লাইফ বীমা প্রতিষ্ঠানের মুখ্য নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালকদের কাছে পাঠানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মুখ্য নির্বাহী কর্মকর্তাদের হালনাগাদ জীবনবৃত্তান্ত জমা দিতে হবে। এর সঙ্গে তাদের সব শিক্ষাগত যোগ্যতার সনদ ও নম্বরপত্রও দিতে হবে।
এ ছাড়া মুখ্য নির্বাহী কর্মকর্তা হিসেবে তাদের নিয়োগে আইডিআরএ’র দেয়া অনুমোদনের কাগজপত্রও জমা দিতে বলা হয়েছে।
এসব তথ্য ও কাগজপত্র জমা দিতে তিন কার্যদিবস সময় দিয়েছে আইডিআরএ।
একই সঙ্গে মুখ্য নির্বাহীদের তথ্য অনলাইনেও হালনাগাদ করতে বলা হয়েছে। এ জন্য বিজ্ঞপ্তির সঙ্গে একটি গুগল ফরমের লিংক দেয়া হয়েছে। ওই ফরমে প্রয়োজনীয় তথ্য পূরণ করতে হবে।
















