প্রিমিয়ার ব্যাংক যুক্ত হলো বাংলাদেশ ব্যাংকের ১০ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমে

দেশের কৃষি উৎপাদন বৃদ্ধি, খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ ও পল্লী অঞ্চলে অর্থনৈতিক কর্মকাণ্ড সম্প্রসারণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক ১০ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিম চালু করেছে। এতে অংশগ্রহণের জন্য দি প্রিমিয়ার ব্যাংক পিএলসি ও বাংলাদেশ ব্যাংকের মধ্যে একটি অংশগ্রহণমূলক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এ উপলক্ষে সম্প্রতি কেন্দ্রীয় ব্যাংকে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রিমিয়ার ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. মনজুর মফিজ এবং বাংলাদেশ ব্যাংকের কৃষিঋণ বিভাগ-২-এর পরিচালক এ কে এম সাইদুজ্জামান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্র বিনিময় করেন।

চুক্তির আওতায় বাংলাদেশ ব্যাংকের ব্যবস্থাপনায় তফসিলি ব্যাংকসমূহের উদ্বৃত্ত তারল্য থেকে গঠিত তহবিলের মাধ্যমে পুনঃঅর্থায়ন সুবিধা প্রদান করা হবে। দি প্রিমিয়ার ব্যাংক নিজস্ব বিস্তৃত শাখা নেটওয়ার্কের মাধ্যমে শস্য ও ফসল উৎপাদন, পল্লী আয়-উৎসারী কর্মকাণ্ড, কৃষি যন্ত্রপাতি ক্রয় এবং মৎস্য ও প্রাণিসম্পদ খাতে ঋণ বিতরণ করবে। এর ফলে কৃষি খাতের উৎপাদনশীলতা বৃদ্ধি, গ্রামীণ অর্থনীতির বিকাশ, খাদ্য নিরাপত্তা জোরদারকরণ এবং নতুন কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

এ সময় উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। দেশের কৃষি ও গ্রামীণ অর্থনীতির টেকসই উন্নয়নে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন।