বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশনের (বিএইচবিএফসি) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে নিয়োগ পাচ্ছেন মিসেস মেহের সুলতানা। এর আগে তিনি কর্মসংস্থান ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে দায়িত্ব পালন করেছেন। বুধবার (২৬ আগস্ট) রাতে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের একাধিক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।
খুব শিগগিরই মেহের সুলতানার নিয়োগসংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হবে বলে জানা গেছে।
মেহের সুলতানা দীর্ঘদিন ধরে ব্যাংকিং ও আর্থিক খাতে কাজ করছেন। কর্মসংস্থান ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালনের আগে তিনি প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিচালন) পদে কর্মরত ছিলেন। ২০২২ সালের ১৭ নভেম্বর উপব্যবস্থাপনা পরিচালক হিসেবে পদোন্নতি পেয়ে তিনি কর্মসংস্থান ব্যাংকের প্রধান কার্যালয়ে যোগ দেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ থেকে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন মেহের সুলতানা। ১৯৯৬ সালে বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশনে সিনিয়র অফিসার হিসেবে যোগদানের মাধ্যমে তার কর্মজীবন শুরু হয়।
বিএইচবিএফসিতে কর্মরত অবস্থায় তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। এর মধ্যে আঞ্চলিক ব্যবস্থাপক এবং সদর দপ্তরের বিভিন্ন বিভাগে উপমহাব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালনের অভিজ্ঞতা রয়েছে তার। এ ছাড়া কর্মজীবনে বিভিন্ন কর্মশালা, সেমিনার ও প্রশিক্ষণ কর্মসূচিতেও অংশ নিয়েছেন মেহের সুলতানা।
দেশের আবাসন খাতে ঋণ ও আর্থিক সহায়তা দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সরকারি প্রতিষ্ঠান হিসেবে কাজ করছে বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশন।
















