সীমান্তবর্তী এলাকায় মাদক ও চোরাচালানসহ বিভিন্ন অপরাধে জড়িত চক্রের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু। এই ধরনের অপরাধী চক্রকে ‘দেশ ও জাতির শত্রু’ হিসেবে আখ্যায়িত করে তিনি বলেন, অপরাধ দমনে পুলিশকে জনপ্রতিনিধিদের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করা হবে।
আজ শনিবার (২২ আগস্ট) বেলা ১১টায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) সদর দফতরে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উদ্যোগে প্রতিষ্ঠিত আরএমপির কার্যক্রম শুরুর ঐতিহাসিক নামফলক পুনঃস্থাপন ও উদ্বোধন করা হয়।
বক্তব্যে ভূমিমন্ত্রী উল্লেখ করেন, বিগত আমলে রাজশাহীর সীমান্তবর্তী এলাকায় প্রায় হাজার খানেক মাদক ও পাচারকারী চক্র শত শত কোটি টাকার মালিক হয়েছে। এসব চক্রের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আরএমপিসহ আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেন তিনি। একইসঙ্গে তিনি বলেন, ১৯৯২ সালে বেগম খালেদা জিয়ার পরিকল্পনায় প্রতিষ্ঠিত এই আরএমপি জনগণের নিরাপত্তা নিশ্চিত করে সারা দেশের মানুষের আস্থা ও ভালোবাসা অর্জন করেছে।
অনুষ্ঠানের শুরুতে নামফলক উন্মোচনের পর প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া করা হয়।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য শফিকুল হক মিলন, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান মো. মোসাদ্দেক হোসেন বুলবুল, রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট, জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এরশাদ আলী ঈশা, বিভাগীয় কমিশনার মো. ইউসুফ আলী, জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম এবং আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবিরসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
















